সম্পাদকীয় – Palki 12 Editorial


see scribd embed

 
 

প্রারম্ভিক মুখব্যাদান

 

পালকি সম্পাদকমণ্ডলী

 

পালকির প্রিয় সহযাত্রীরা,

আপনারা ইতিমধ্যে রীতিমত খড়্গহস্ত হয়ে আছেন আমাদের উপর, তা বলাই বাহুল্য। এটুকুই বলতে পারি, যে বিলম্বাধিক্যের সঙ্কোচে এমন কি আমাদের প্রচ্ছদের তরুণীও ভারী বিষণ্ণ হয়ে পড়েছেন। তাই আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টি যাতে দ্রুতই বৃহত্তম এই পালকির ষোড়শোপচারে গিয়ে পড়ে, তার জন্য দরকারি কথাটুকু বলে নিয়েই সম্পাদকীয়কে অলমিতি বিস্তারেণ করে ফেলছি।

আপনাদের উৎসাহে ও আগ্রহে পালকিতে আগত লেখার সংখ্যা ক্রমবর্ধমান, যা খুবই আনন্দের কথা, কিন্তু তার ফলে সীমিত লোকবল নিয়ে আমাদের একই গতি বজায় রাখা দুরূহ হয়ে পড়ছে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে, যে এবার থেকে পালকি আবার বছরে দু’বার প্রকাশিত হবে, বিগত বছরের তিনবারের তুলনায়। আর এবার অধিকমাত্রায় দেরি হয়ে পড়ায় আমরা ইতিমধ্যে আসা লেখাগুলিকে পরের বারের জন্য অপেক্ষা করিয়ে রাখতে চাইনি, তাই সব মিলিয়ে এই সংখ্যার কলেবর বেশরকম বৃদ্ধি পেয়েছে – আরো অনেক ভালো ভালো লেখা আর সুন্দর সুন্দর ছবি এবার আমরা সাজিয়ে দিতে পেরেছি, দীর্ঘ বিলম্বের এটুকু সান্ত্বনা।

কিছু আনন্দ সংবাদ চট করে শুনিয়ে যাই –

পালকি ১০-য়ে প্রকাশিত পথিক গুহের সাক্ষাৎকারটি দেখে ‘কথা তো বলার জন্যই’ নামের একটি বাংলা ব্লগের কিছু উৎসাহী বন্ধু আগ্রহী হয়েছিলেন তাঁর আরেকটি সাক্ষাৎকার নিতে, যেটি হবে বিষয়ের দিক থেকে আমাদের আলোচনাটির চেয়ে অনেকটাই ভিন্নধর্মী। তাঁদের সাইটে সুপাঠ্য সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসে, পালকির পাঠকদেরও হয়ত ভালো লাগবে সেটি।

পালকির দীর্ঘদিনের লেখক-বন্ধু শ্রী অনিরুদ্ধ সেন সম্প্রতি ‘আশানদী’ নামে তাঁর প্রথম বাংলা ছোটগল্প সংকলন প্রকাশ করেছেন। তাতে পালকিতে প্রকাশিত ওনার কয়েকটি গল্পও স্থান পেয়েছে। আমাদের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন।

নানাবিধ সাহায্যের জন্য ধন্যবাদ জানাই পালকির বহুকালের সহযাত্রী ও মদতদাতা রোদ্দুর, পিয়াস ও জ্যোতিষ্ককে। আর বরাবরের তুলনায় বেশ একটু অন্যরকম এই প্রচ্ছদটি এঁকে দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা শিল্পী শ্রী তরুণ চক্রবর্তীর প্রতি।

নিন, আর দেরী নয়, ওই এসে পড়ল আমাদের পালকি, হুহুম্‌ না, হুহুম্‌ না, হুহুম্‌ না রে হুহুম্‌ না…

আর হ্যাঁ, যেতে যেতে অবশ্যই মনে করিয়ে দিই, পালকি এখন ফেসবুক-এও, যেখানে আপনারা পালকি-সংক্রান্ত সব সংবাদ পেতে পারেন – www.facebook.com/palkimag

✽✽✽✽✽

১ – ‘প্রারম্ভিক মুখব্যাদান’ শব্দটির জন্য কৃতজ্ঞতা স্বীকার করি খ্যাতনামা ঐতিহাসিক এবং শিক্ষাবিদ শ্রী তপন রায়চৌধুরী মহাশয়ের কাছে (‘রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা’, আনন্দ পাবলিশার্স, দ্বিতীয় পরিবর্ধিত সংস্করণ, আগস্ট ২০০৩, পৃঃ ১১)

২ – লেখাটি পাওয়া যাবে এইখানেঃ kothatobolarjonyei.blogspot.com/2011/09/pathik-guha.html



download




3 Responses to “সম্পাদকীয় – Palki 12 Editorial”

  1. Debashish Bhattacharya says:

    Ekrash ovinondon roilo…………..

  2. Kaustubh, Kausik, Shrabanti
    & Ankan (in background :-) )

    Palki-12 looks superb. It is worth all
    the waiting. It is simply great. And it shows the talent and dedication of you all. Reading slowly and enjoying every bit.Let us keep having Palki 12+1,12+2..
    ….. 12+n,even twice a year is okay, life without PALKI is unthinkable.

    Best wishes to you all:
    Sugata Sanyal, Mumbai,India

  3. malobika chowdhuri sukti dutta says:

    সম্পাদপকমন্ডলীকে প্রচ্ছদ চিত্রটির জন্য ধন্যবাদ। দেরী করে সংখ্যাটি যে সময় হাতে এল,তখন পৃথিবীতে শীতের আগমনের ঘন্টা বাজা শুরু হয়ে গিয়ে গিয়েছে। তাই প্রচ্ছদ হিসেবে এই তুষারকণার নির্বাচন বেশ সময়োচিত ও প্রশংসার্হ।

Leave a Reply

WP Like Button Plugin by Free WordPress Templates